প্রকাশকালঃ ৫ মার্চ ২০২৬, দুপুর ১:২৭ সময়

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল। নিজেদের ম্যাচে কষ্টার্জিত জয় এবং চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর রাতে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল। বর্তমানে সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে গানাররা।
পারফরম্যান্স খুব একটা আহামরি না হলেও ব্রাইটনের ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে সক্ষম হয়েছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোলরক্ষক দাভিদ রায়ার এক শিশুতোষ ভুলে গোল হজম করতে বসেছিল সফরকারীরা, তবে রক্ষণভাগের গাব্রিয়েল সময়মতো ত্রাতা হয়ে দাঁড়ানোয় সে যাত্রা রক্ষা পায় তারা।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সপ্তম মিনিটেই। ব্রাইটন গোলরক্ষক বার্ট ভেরব্রুগেনের অবিশ্বাস্য এক ভুলে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার একটি শট হাত দিয়ে ধরার বদলে পা দিয়ে ঠেকাতে গিয়ে নিজের জালে জড়ান তিনি। পুরো ম্যাচে ব্রাইটন আধিপত্য দেখালেও আর্সেনালের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার শিষ্যরা।
আর্সেনাল যখন জয়ের আনন্দে ভাসছে, তখন ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে স্তব্ধ করে দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে সেমেনিওর গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিল পেপ গার্দিওলার দল। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরেস্ট। ৫৬ মিনিটে মর্গ্যান গিবস হোয়াইটের দুর্দান্ত এক ব্যাকহিল গোল সমতায় ফেরায় সফরকারীদের।
মাঝমাঠের কাণ্ডারি রদ্রির হেডে সিটি আবারও লিড নিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬ মিনিটে অ্যান্ডারসনের গোলে স্তব্ধ হয়ে যায় পুরো ইতিহাদ। শেষ দিকে সাভিনিয়োর একটি নিশ্চিত গোল গোললাইন থেকে ফিরে এলে ২-২ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৬০। অন্যদিকে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। সিটির হাতে এক ম্যাচ বাকি থাকলেও ৭ পয়েন্টের এই বিশাল ব্যবধান শিরোপা লড়াইয়ে গানারদের অনেকটাই নির্ভার রাখছে।