প্রকাশকালঃ ৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:৩৫ সময়

অনলাইল ডেস্ক:
খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়—এমন স্পষ্ট অবস্থান জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। এ ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি ও ভারত নোংরা রাজনীতি করছে।
গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত—এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।”
এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইন। আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “ভারত যদি টুর্নামেন্টের এক মাস আগে জানাত যে তাদের সরকার অন্য দেশে খেলতে দেবে না, তবে কি আইসিসি এতটা কঠোর অবস্থান নিতে পারত?” নাসের হুসাইনের এই মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা আইসিসির একপাক্ষিক ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এর আগে, গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না বলে স্পষ্ট করা হয়।