প্রকাশকালঃ ৩০ জুন ২০২৬, দুপুর ১১:৩৮ সময়

বিশ্বকাপের মঞ্চে ২৪ বছর পর প্রথমার্ধে পিছিয়ে থেকেও ম্যাচ জয়ের কীর্তি গড়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ছন্দে ছিল জাপান। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুতগতির আক্রমণে ব্রাজিলকে চাপে রাখে ‘সামুরাই ব্লু’রা। সেই চাপের ফলও পায় তারা। ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান এবং ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। কৌশলগত পরিবর্তনের মাধ্যমে দলকে নতুনভাবে সাজান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার প্রভাবও দেখা যায় মাঠে। ৫৬তম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো গোল করে সমতায় ফেরান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এরপর ম্যাচে পাল্টাপাল্টি আক্রমণ চললেও নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ের অপেক্ষায় থাকা ম্যাচে ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে নায়ক হয়ে ওঠেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৯০+৬ মিনিটে তার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে ২০০২ সালের পর প্রথমবার প্রথমার্ধে পিছিয়ে থেকেও ম্যাচ জিতল সেলেসাওরা। সর্বশেষ কোরিয়া-জাপান বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে এমন প্রত্যাবর্তনের দেখা পেয়েছিল ব্রাজিল।
ম্যাচে বলের দখলেও আধিপত্য দেখায় ব্রাজিল। পুরো ম্যাচে দলটি ৬৮২টি সফল পাস সম্পন্ন করে। এর মধ্যে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস একাই ১৩৫টি পাস দেন, যা চলতি বিশ্বকাপে কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের সর্বোচ্চ।
সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড ক্রিস সাটন ম্যাচ শেষে ব্রাজিলের এই জয়ের কৃতিত্ব কোচ আনচেলত্তির কৌশলগত পরিকল্পনাকেই দিয়েছেন। তার ভাষায়, এটি ছিল ইতালিয়ান কোচের দূরদর্শী সিদ্ধান্তের ফল।
জাপানকে বিদায় করে শেষ ১৬-এ ওঠা ব্রাজিল এবার কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হবে আইভরি কোস্ট অথবা নরওয়ের। হেক্সা মিশনের পথে তাই আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করল সেলেসাওরা।