প্রকাশকালঃ ৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:৪৮ সময়

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে—এমন পর্যবেক্ষণ উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা গুমের সংস্কৃতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের ঘটনা এখনও উদ্বেগজনক। হাজারো মানুষ রাজনৈতিক কারণে আটক হয়েছেন, যাদের অনেকেই বিচার ছাড়াই দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন। এ ছাড়া বহু ক্ষেত্রে জামিন আবেদন নাকচ করার অভিযোগও উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের তালিকায় কেবল রাজনীতিবিদ নয়—অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পীর মতো পেশাজীবীরাও রয়েছেন। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে হাজার হাজার মানুষকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও প্রতিবেদনে উদ্বেগের সঙ্গে তুলে ধরা হয়েছে।
মব সহিংসতার বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে এইচআরডব্লিউ। সংস্থাটির তথ্যমতে, ২০২৪ সালের জুন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সময়ে মব সহিংসতায় অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া প্রতিবেদনে নারী নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থীর প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার ফলে দেশের মানবিক পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করা হয়।