প্রকাশকালঃ ৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:২২ সময়

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের ঝিকরা এলাকায় এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও অধ্যক্ষ নাজমুল হক বলেন, “আমরা মিথ্যা আশ্বাস দিয়ে ফ্যামিলি কার্ডের কথা বলে ভোট চাইবো না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।” তিনি বলেন, বিএনপির মতো প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবভিত্তিক কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন সারদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. রায়হানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম এবং রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুফলে রানা। এ ছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধই একমাত্র পথ। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কৃষক সার ও ফসলের ন্যায্যমূল্য নিয়ে হতাশ হবে না এবং ব্যবসায়ীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল; কোনো পর্যায়েই ঘুষ ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না।
সভায় দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে।