প্রকাশকালঃ ২০ জুন ২০২৬, দুপুর ১:০৪ সময়

বিনোদন প্রতিবেদক
বলিউড অভিনেত্রী শর্বরী ওয়াঘ ও অভিনেতা সানি কৌশল-এর প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় বিনোদন অঙ্গনে। দীর্ঘদিন ধরে গোপনে প্রেমের সম্পর্কে থাকলেও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি এই তারকা জুটি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ‘দ্য ফরগটেন আর্মি—আজাদি কে লিয়ে’ সিরিজে একসঙ্গে কাজ করার সময় থেকেই সানি ও শর্বরীর ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও দুজনেই বিষয়টি নিয়ে নীরব ছিলেন।
সম্প্রতি জানা গেছে, কয়েক বছরের সম্পর্কের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, এই বিচ্ছেদের অন্যতম কারণ হতে পারে দুজনের ক্যারিয়ারের ভিন্ন গতিপথ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শর্বরীর জনপ্রিয়তা ও পেশাগত সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় সম্পর্কের ওপর তার প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত সানি কিংবা শর্বরী—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক ভাঙার খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও বলিউডে এ নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা থামছে না।
উল্লেখ্য, সানি কৌশল জনপ্রিয় বলিউড অভিনেতা ভিকি কৌশল-এর ছোট ভাই। অন্যদিকে শর্বরী ওয়াঘ সাম্প্রতিক সময়ে বলিউডের উদীয়মান অভিনেত্রীদের মধ্যে অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।