প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৭:২৩ সময়

বিনোদন ডেস্ক
বিমল এলাচির বিজ্ঞাপন নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পাঠানো আইনি নোটিশের জবাব দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। তাদের জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তিন অভিনেতার মধ্যে দুজন ব্যক্তিগত শুনানির আবেদন করেছিলেন। গতকাল তাদের শুনানিও শেষ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে।
তিনি বলেন, তিন অভিনেতার কাছ থেকেই নোটিশের জবাব পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন শুনানির আবেদন করেছিলেন এবং গতকাল তাদের শুনানি সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।
এর আগে বিমল এলাচির একটি বিজ্ঞাপনে অভিনয়ের কারণে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ দেয় মহারাষ্ট্র এফডিএ। কর্তৃপক্ষের অভিযোগ, বিজ্ঞাপনটি পরোক্ষভাবে ‘সারোগেট অ্যাডভার্টাইজিং’-এর মাধ্যমে বিমল পানমসালা ব্র্যান্ডের প্রচার করছে।
মহারাষ্ট্রে পানমসালা বিক্রি নিষিদ্ধ হওয়ায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানায় এফডিএ। নোটিশে বিজ্ঞাপনে তিন অভিনেতার ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়।
এফডিএ বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিও চেয়েছে। এর মধ্যে অভিনেতাদের সঙ্গে করা চুক্তি, বিজ্ঞাপনের পরিকল্পনা, পারিশ্রমিকের তথ্য এবং ব্র্যান্ডটির বিষয়ে চুক্তির আগে তারা যথাযথভাবে খোঁজখবর নিয়েছিলেন কি না—এসবের প্রমাণ চাওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে বিজ্ঞাপনটির প্রচারণায় তাদের ভূমিকা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়। এখন অভিনেতাদের জবাব ও শুনানির পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে মহারাষ্ট্র এফডিএ।