প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫৯ সময়

ঢাকা বিমানবন্দর প্রতিনিধি:
ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন উর রশিদ (পিপিএম)।
২০২৫ সালের ২০ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্টেশনের নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করে যাচ্ছেন বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, স্টেশন এলাকায় মাদক ও ধূমপান নিয়ন্ত্রণ, অবৈধ যাত্রী ও পণ্য পরিবহনের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
এর পাশাপাশি সম্প্রতি কয়েকটি মানবিক উদ্যোগের ঘটনাও সামনে এসেছে। গত ১৯ এপ্রিল নোয়াখালী থেকে অভিমান করে বাড়ি ছেড়ে আসা এক কিশোর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এলে তাকে জিআরপি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে তার স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।
এর একদিন পর, ২০ এপ্রিল দুই ডিগ্রি পরীক্ষার্থী ভুলবশত চট্টগ্রামগামী ট্রেনে উঠে পড়েন। পরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে একজনের হাত ভেঙে যায় এবং অপরজন আহত হন।
রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় ইনচার্জ হারুন উর রশিদ আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ যাত্রীসেবায় ইতিবাচক প্রভাব ফেলছে।