প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১:৪৪ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করায় অন্য দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সিদ্ধান্তের কথা জানায় ইসি। এর মধ্য দিয়ে দুদিনব্যাপী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হলো।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মইন উদ্দীন খান। এ সময় সরকারি রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষ দিনে বিএনপি ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। এ সময় এই দুই জোটের ৩৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এছাড়া প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর না থাকায় মোসাম্মৎ মেহেরুন নেছা এবং শাহিনা আক্তার নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে মনোনয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। যদিও বিএনপির পরিচয়ে মনোনয়ন দাখিলকারী মাহবুবা রহমান মনোনয়ন প্রত্যাহার করে নেন।
বুধবার থেকে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু করে ইসি। প্রথম দিনে বুধবার জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। এ সময় এই জোটের ১২ জনের মনোনয়ন বৈধ হয়। তবে এই জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য আজ বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।