প্রকাশকালঃ ৪ জুন ২০২৬, দুপুর ৩:৫০ সময়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা উন্নয়নে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার কথা থাকলেও সরকার তা আরও আগে শেষ করার চেষ্টা করছে।
তিনি আরও জানান, দেশের ক্রমবর্ধমান বিমান চলাচলের চাহিদা পূরণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এখন সময়ের দাবি। বর্তমানে ১৪টি উড়োজাহাজ নয়, বরং দেশের জন্য প্রায় ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য আনুমানিক ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে আয় থেকে কিস্তিতে এসব অর্থ পরিশোধ করা সম্ভব হবে। নতুন উড়োজাহাজগুলোর মধ্যে প্রথমটি ২০৩১ সালে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও কার্যকর ও আধুনিক করতে প্রতিষ্ঠানটির অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনার ত্রুটি দূর করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
হজযাত্রীদের লাগেজ কেটে ফেলা হয়েছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তদন্তে এসব তথ্য সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে। কোথাও লাগেজ মিস হ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো যাত্রী লিখিত বা মৌখিক অভিযোগও করেননি।
তিনি আরও জানান, ২১টি লাগেজে ক্ষতির ঘটনা পাওয়া গেলেও ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, এসব ক্ষতি বাংলাদেশে হয়নি। বরং যে স্থান থেকে লাগেজগুলো এসেছে, সেখানেই সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।