প্রকাশকালঃ ৪ জুন ২০২৬, বিকাল ৫:৪৬ সময়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খুব শিগগিরই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা তিস্তা পাড়ের সন্তান। তিস্তা ঘিরে বহু আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রীও এসব আন্দোলনের অংশ ছিলেন এবং তিনি অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তরিকতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে এবং দ্রুত কাজ শুরুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থায়ন। এটি সরকারি অর্থায়ন (জিওবি) থেকেই করা সম্ভব। ১০ বছরের পরিকল্পনায় প্রায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকার ব্যয় ধরা হয়েছে, যা বড় কোনো সমস্যা নয়।
তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কারিগরি সহায়তার প্রয়োজন হতে পারে। কোন দেশ থেকে সেই সহায়তা নেওয়া যায়, তা যাচাই করে দেখা হবে।
সভা শেষে তিনি বলেন, আলোচনার পর তিনি আশাবাদী। অল্প সময়ের মধ্যেই প্রকল্প শুরুর নির্দিষ্ট তারিখ জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।
সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।