প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬, রাত ৮:১৪ সময়

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে দুই মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) এবং একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওই দুজনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায় স্বীকার ও অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমন ও নাজমুলকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও এবিএম সারওয়ার রাব্বি ও মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তারা জানান।