প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬, দুপুর ৪:৪৮ সময়

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) উপজেলার বালিয়ামারী বাজার এলাকায় গর্জন ও তেলসুর গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস।
জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। এ বছর রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে ব্যাপকভাবে চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিরন মো. ইলিয়াস বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রাজিবপুর উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। বন বিভাগের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে অন্তত একটি ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজিবপুর সদর ইউনিয়নের সদস্য সালেহা বেগম, রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আকুল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিদুর রহমান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগাল আলতাফ হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।