প্রকাশকালঃ ২৮ জুন ২০২৬, দুপুর ১০:৫৮ সময়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নুর নাহার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাশেদা বেগম (৬০) নামে আরও এক নারী। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার বাহুলী শ্রীমাই ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের বাসিন্দা এবং মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগম একই গ্রামের বাসিন্দা ও সমিউদ্দিনের স্ত্রী।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি কৃষিজমিতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবার খেতে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করেন। এ সময় নুর নাহার ঘটনাস্থলেই মারা যান। আহত রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, রাশেদা বেগমের মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে রক্ত জমাট বেঁধেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু চাকমা জানান, রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত দুই নারী ট্রেনের ধাক্কায় আহত হন। ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।