প্রকাশকালঃ ২৭ আগস্ট ২০২৬, সকাল ৮:৫৪ সময়

বুধবার (২৬ আগস্ট) মাধবপুর সদর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে খান্দুরা দরবার শরীফের উদ্যোগে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে দরবার শরীফের আশেক, জাকের, ভক্ত-মুরিদানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমিক সুন্নি জনতা অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ আলহাজ্ব জুবায়ের কামাল। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও খান্দুরা দরবার শরীফের সৈয়দ শরীফ উদ্দিন পীর সাহেব, সৈয়দ শাহজাহান সাহেবসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
র্যালি শেষে জিকির, কিয়াম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন। নবীপ্রেম ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছর মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের আয়োজনও ছিল তারই ধারাবাহিকতা।
অনুষ্ঠানটি মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত হয়।