প্রকাশকালঃ ২০ জুন ২০২৬, বিকাল ৭:৪৫ সময়

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস
শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতিচর্চায় সমানভাবে দক্ষ হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে।” তিনি জানান, আগামীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়েও আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং পরের বছর প্রাইম মিনিস্টার কাপ আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, চলতি বছর প্রায় ২২ লাখ বালক-বালিকা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ফুটবল নয়, ক্রিকেট, সাঁতারসহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান জানতে চান, সবুজ মাঠে ফুটবল খেলে তাদের কেমন লেগেছে এবং “কে কে খেলতে চাও” প্রশ্নে বহু শিক্ষার্থী হাত তোলে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের সঙ্গে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে প্রধানমন্ত্রী বেলুন উড়িয়ে বালিকা বিভাগের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। পুরো আয়োজনটি পরিচালনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম খেলাধুলাকে এগিয়ে নেবো, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”
টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালক বিভাগের ফাইনালে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।