প্রকাশকালঃ ৫ জুলাই ২০২৬, দুপুর ১:২৯ সময়

ঢাকা প্রেস প্রতিবেদক
রাজধানীর উত্তরা পশ্চিম ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার একাধিক আসামি রয়েছেন।
রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
অন্যদিকে, শনিবার যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন নিয়মিত মামলার আসামি, পাঁচজন পরোয়ানাভুক্ত আসামি এবং দুজনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।