প্রকাশকালঃ ২ জুন ২০২৬, দুপুর ১১:২২ সময়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন।
সোমবার বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছিলেন। তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা।
তিনি বলেন, স্বল্প সময়ের শাসনামলেও জিয়াউর রহমান কৃষি, শিল্প, অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি চালু এবং গ্রামীণ জনগণকে আবাদে উৎসাহিত করার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন।
আলোচনা সভায় তিনি আরও বলেন, রপ্তানি খাত সম্প্রসারণ, তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। জিয়াউর রহমান একটি আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন।
নতুন প্রজন্মকে জিয়াউর রহমানের জীবন ও রাষ্ট্রচিন্তা নিয়ে গবেষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান তরুণদের সামনে তুলে ধরা প্রয়োজন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকার এক কোটি গাছ রোপণ, খাল-নদী পুনঃখনন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুবদল নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান খান, স্বেচ্ছাসেবক দল নেতা মুশফিকুর রহমান বাবু, যুবনেতা এনামুল হক সাজুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।