প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:৪৪ সময়

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে চকরিয়া থানায় মামলাটি করেন।
মামলায় প্রবাসী চার ভাই ও দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির সংখ্যা ১৩ জন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে জিসান চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে কাকারা ইউনিয়নের লোটনি গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে কাকারা সড়কের ছাবেরের দোকান এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।
পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মেধাকচ্ছপিয়া ঢালায় ন্যাশনাল পার্কের সড়কের পাশ থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলায় কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভরন্যার চর এলাকার মৃত আহমদ হোসেনের চার ছেলে—প্রবাসী মোহাম্মদ জকরিয়া, মিজান, মিনহাজ ও নাজেম উদ্দিনের নাম রয়েছে। এ ছাড়া একজনের স্ত্রী, বোন রাজিয়া বেগম এবং তাদের আত্মীয় চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার মৃত আবচার মুন্সির ছেলে তারেককেও আসামি করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নারীঘটিত কোনো ঘটনার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।
তিনি আরও বলেন, জিসানকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালককে শনাক্ত বা আটক করা গেলে হত্যাকাণ্ডের স্থান, পদ্ধতি এবং জড়িত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।