প্রকাশকালঃ ২ মে ২০২৬, দুপুর ১:০৪ সময়

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াঝুড়ি ফেরিঘাটে নদীভাঙন প্রতিরোধে জরুরি প্রাক-প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। এ সময় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে আমড়াঝুড়ি ফেরিঘাট এলাকার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে প্রাক-প্রতিরক্ষা কাজ শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফেরিঘাট এলাকায় ভাঙন রোধ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।