মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার (বেলা ২টা ৩০ মিনিটে) উপজেলার আদারভিটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিন্যাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছিল। স্থানীয়দের ভাষ্য, বিন্যাফৈর ষাইটের পাড়া এলাকার বারেকের ছেলে পারভেজ (২৫) মাটি উত্তোলনের কাজ করছিলেন।
উপজেলা থেকে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণের পর প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে সেখানে উপস্থিত সাবেক ইউপি সদস্য মোস্তফা সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, “আমার জায়গায় আমি মাটি কাটাবো, কোন ইউএনও বা ওসি আসবে দেখে নেব।”
এ ঘটনায় সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার এখতিয়ার। মোবাইল কোর্ট পরিচালিত হলে পুলিশ সহযোগিতা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, সহকারী কমিশনার (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
















