প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১১:০৭ সময়

ঢাকা:
সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার আয়োজিত এক আলোচনা সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন।
সভায় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ,
২ মে প্রীতি ফুটবল প্রতিযোগিতা,
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা,
৪ মে ‘মিট দ্য প্রেস’,
৫ মে পারস্পরিক যোগাযোগ ও সোর্স নেটওয়ার্ক জোরদার কার্যক্রম,
৬ মে ঢাকামুখী যাত্রা এবং
৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ও সাংবাদিক সমাবেশ।
সংগঠনের পক্ষ থেকে দেশের সব সাংবাদিককে নিজ নিজ ব্যানারে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের অন্তর্ভুক্তির প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবিত কাঠামোয় সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে।
সভায় সংগঠন ও সাংবাদিকদের কল্যাণে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাকির হোসেন।