প্রকাশকালঃ ১ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৩৯ সময়

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না।
মীর শাহে আলম আরও বলেন, দেশের উন্নয়নে প্রতিটি জেলার মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা হবে। গাইবান্ধার উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী তাঁকে দিয়েছেন বলেও জানান তিনি।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কোনো লাভজনক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে ব্যবহৃত হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা পেয়েছে এবং গত ছয় মাসে ঋণ ও মুনাফাসহ মোট ২৫ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।