প্রকাশকালঃ ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৫০ সময়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে আজ মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
তিনি ক্রিকেট ও ফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও উন্নয়ন করতে চাই।
তিনি বলেন, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিং এই খেলাগুলোতে চীন ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন খেলার খেলোয়াড় ও কোচদের ট্রেনিংয়ে চীনের সহযোগিতা প্রয়োজন।
এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউটসমূহে বিনিয়োগের প্রত্যাশা করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি বলেন, চীনের পুরুষ ফুটবল দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আশা প্রকাশ করেন।