প্রকাশকালঃ ৫ মে ২০২৬, দুপুর ৩:৩০ সময়

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে’র স্মৃতি এখনও জাতির মনে গভীর ক্ষত হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার ‘৫ মে’ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি ওই দিনের ঘটনাকে “নৃশংস দমন-পীড়নের অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সেই সময় একটি শান্তিপূর্ণ গণআন্দোলনকে বলপ্রয়োগের মাধ্যমে দমিয়ে দেওয়া হয় এবং অসংখ্য মানুষ প্রাণ হারায়।
মামুনুল হক লিখেছেন, “শাপলা চত্বরের সেই রাতের স্মৃতি জাতির হৃদয়ে এখনো দগদগে ক্ষত হয়ে আছে। এটি শুধু একটি ঘটনা নয়, বরং জাতির দায়বদ্ধতার ইতিহাস।”
তিনি আরও দাবি করেন, ওই আন্দোলনের সময় তিনি গাবতলী এলাকায় দায়িত্বে ছিলেন এবং পরে হাজারো মানুষের মিছিল শাপলা চত্বরে গিয়ে একত্রিত হয়। তার ভাষায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এরপর চারদিক থেকে কঠোর অভিযান চালানো হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
ঘটনার পর দীর্ঘ সময় শহীদদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক গবেষণা বা প্রামাণ্য কাজ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তবে পরবর্তী সময়ে “শাপলা স্মৃতি সংসদ” গঠন করে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এখন শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি পালন করছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
শেষে মামুনুল হক বলেন, “শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দাবি থেমে থাকবে না।”