প্রকাশকালঃ ৩ মে ২০২৬, দুপুর ১:০৮ সময়

দীর্ঘদিনের আর্থিক সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স ‘স্পিরিট’ তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন।
শনিবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, টানা লোকসান ও ঋণের ভার সামাল দিতে না পারায় তাদের পক্ষে আর ব্যবসা পরিচালনা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে সংস্থাটির সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি যাত্রীদের বিকল্প এয়ারলাইন্সে ভ্রমণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্পিরিট এয়ারলাইন্স এর আগে ২০২৪ ও ২০২৫ সালে দুই দফা পুনর্গঠনের উদ্যোগ নেয়, যাতে দেউলিয়া হওয়া এড়ানো যায়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সেই প্রচেষ্টা সফল হয়নি।
ফ্লোরিডাভিত্তিক এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসন ৫০ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। কিন্তু ঋণের শর্ত ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় স্পিরিট।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত স্পিরিট এয়ারলাইন্স স্বল্প খরচে বিমান ভ্রমণ সেবার জন্য যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিচিতি লাভ করেছিল।