প্রকাশকালঃ ২ মে ২০২৬, দুপুর ১২:৩৫ সময়

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ পর্ব আজ। এক ম্যাচে জয় আর একটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর স্বাগতিকদের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। অন্যদিকে, সফরকারী নিউজিল্যান্ড চাইছে অন্তত শেষ ম্যাচ জিতে হার এড়াতে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি আবারও বাধা হয়ে দাঁড়াতে পারে।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই ভেন্যুতে মাঠে নামলেও বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ ম্যাচে নামছে টাইগাররা।
শেষ ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী দল। সংবাদ সম্মেলনে দলের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন জানান, বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ না হওয়া দুর্ভাগ্যজনক হলেও শেষ ম্যাচে জয়ের ব্যাপারে দল আশাবাদী। তিনি বলেন, দল ভালো খেলেই সিরিজ নিজেদের করে নিতে চায়।
অন্যদিকে, সিরিজ জয়ের সুযোগ না থাকলেও শেষ ম্যাচে জিতে সমতা ফেরাতে চায় নিউজিল্যান্ড। দলের ব্যাটার ডিন ফক্সক্রফট বলেন, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে তারা ঘুরে দাঁড়াতে প্রস্তুত। ভালো খেলেই সফর শেষ করতে চায় কিউইরা।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ-২০২১ সালে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে। আর ২০২৩ সালে দুই দলের সর্বশেষ সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
সবমিলিয়ে এখন পর্যন্ত এই ফরম্যাটে ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ১৫টিতে, আর ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
শেষ লড়াইয়ে তাই উত্তেজনা, অনিশ্চয়তা আর আবহাওয়ার শঙ্কা-সব মিলিয়ে জমে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ।