প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬, বিকাল ৬:০১ সময়

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে এবং বাইরে লড়াই চলবে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় বসে বিএনপি ৩১ দফা ভুলে গেছে এবং পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তায় হেঁটে ‘দুর্বল আওয়ামী লীগ’ হওয়ার চেষ্টা করছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটে ৫১ শতাংশ মানুষের রায় আপনারা মানেন, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় মানেন না, এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতায় বসে বিএনপি তাদের ৩১ দফাও ভুলে গেছে।’
বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে।
আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হবেন। আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করত, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।’
জামায়াত আমির বলেন, ‘গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে-বাইরে লড়াই চলবে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে।’
তিনি আরও বলেন, ‘এরপর যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তারও বিরোধিতা করেছে। যেসব আইন সংশোধন বা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেগুলো নিয়ে টালবাহানা করা হচ্ছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু, কিশোর, যুবক-যুবতী এবং আমার মা-বোনেরা যখন ঘর থেকে বের হবে, তখন কারো বুক কাঁপবে না। তারা পূর্ণ নিরাপত্তার সঙ্গে বের হবে।’
তিনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা-কুড়াল দেখতে চাই না। আমরা তাদের হাতে খাতা এবং কলম দেখতে চাই। কোনো আদুভাই, দাদুভাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের পথ আটকাবে- এটা আমরা আর দেখতে চাই না।’