প্রকাশকালঃ ১৭ আগস্ট ২০২৬, দুপুর ২:১৮ সময়

গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন রিজভী।
বিগত সরকারের সময়ের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা ও নৈরাজ্যের ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো নিশ্চয়তা ছিল না।’
রিজভীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই বিভিন্ন স্থানে মরদেহ পাওয়া যেত। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকায় পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এমন নৈরাজ্যের মধ্যেই ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টের পরিবর্তন এসেছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে বড় ধরনের অনিয়ম ও অর্থ লুটের ঘটনা ঘটেছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘রূপকথার যেসব গল্প আমরা শুনেছি, বিগত আমলে সেগুলোই যেন বাস্তব ও সত্য হয়ে উঠেছিল।’
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন থেকেই সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিকে কিছুটা বাধাগ্রস্ত করলেও সরকার তা মোকাবিলা করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।
সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তবে জনগণের সরকার থাকলে সেসব পরিস্থিতি মোকাবিলা করে মানুষের কল্যাণে কাজ করাই সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার হওয়ার কারণে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সংসদ ও গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা রয়েছে। এ দিনের মতবিনিময় সভাও বৃহত্তর জবাবদিহিতার অংশ।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।