প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:১৮ সময়

আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকেই দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও ভালো হবে এবং লোডশেডিং ধীরে ধীরে কমে আসবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তেল আমদানির ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ এখনও বাকি রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।