প্রকাশকালঃ ১৯ মে ২০২৬, দুপুর ৩:১৮ সময়


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট থানার ওসি আঃ মালেক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট এবং চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।