প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৮ সময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন তারা। একই সঙ্গে নতুন উপাচার্যকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন তারা। এ সময় সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান শিক্ষার্থীরা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘আমাদের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় আজ আমরা ক্যাম্পাস অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সায়েম স্যার চুয়েট ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। আমরা তার পুনর্বহাল চাই।’
এর আগে সোমবার রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একই আদেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উপাচার্য পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতেই বিক্ষোভে নামেন চুয়েটের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। পরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
মঙ্গলবার সকাল থেকে অবরোধ কর্মসূচি চলায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।