প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৬, রাত ৯:০৪ সময়

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা লামায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ আবারও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ৩৮ জন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছে।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে— ৩ জন সরকারি মেডিকেল কলেজে, ২ জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট), ১ জন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট), ৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ১১ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ১ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ১ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ১ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ১ জন সরকারি নার্সিং কলেজে। সম্প্রতি আরও ১০ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া অন্তত ৬ জন শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকায় রয়েছে।
জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো— ধনলাল ত্রিপুরা (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ), উছাইহ্লা মারমা (সাতক্ষীরা মেডিকেল কলেজ) ও অংক্যসিং মারমা (মাগুরা মেডিকেল কলেজ)।
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে— মংথুইনু মারমা ও জিসান তঞ্চগ্যা (চুয়েট), এবং শফিকুল ইসলাম (রুয়েট)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো— লাল নেই সাং বম, ওয়াইংজ্য মারমা, ইয়াসিনুর রহমান পরান, ওয়ারেছুল হক রিয়াদ, শৈমংসাই মারমা, সৈকত উদ্দিন আহমেদ ও জুলিনময় ত্রিপুরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে সুযোগ পেয়েছে নেওয়ান চাক, অনিল তংচংগ্যা, মো. সজীব, সজীব কিসকো, আয়েশা খাতুন ও শাহনাজ খাতুন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে সুযোগ পেয়েছে রেশমি সাঁওতাল, সারজিনা আক্তার, লাবিবা তাজরিন ও সজীব খিয়াং।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মো. জাহিদ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুংপ্রে মুরুং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মংনুসিং মারমা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে সুযোগ পেয়েছে কাজল চাকমা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৪ সালে এইচএসসি উত্তীর্ণদের মধ্যে ২৫ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল। চলতি বছর সেই সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এখানে সুশৃঙ্খল পরিবেশ, পড়াশোনা, মেডিটেশন, কোয়ান্টাম ব্যায়াম, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে গড়ে উঠছে।