প্রকাশকালঃ ৯ মে ২০২৬, বিকাল ৫:১২ সময়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর এবার একই উপজেলার আরেকটি সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) আবারও উৎপাদন শুরু করেছে।
শনিবার ৯ মে দুপুর ২টা থেকে ডিএপিএফসিএলে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।
তিনি জানান, গত ২ মে বিকেলে কাফকোতে উৎপাদন পুনরায় শুরু হওয়ার পর থেকেই ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। এরপর কয়েকদিন ধরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুদ করা হয় এবং কারখানার সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার পর শনিবার দুপুর ২টা থেকে উৎপাদন আবার শুরু করা সম্ভব হয়।
এর আগে অ্যামোনিয়ার সংকট দেখা দেওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন চালু থাকলে কারখানাটিতে দৈনিক প্রায় ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে আসছে।
