প্রকাশকালঃ ৬ মে ২০২৬, বিকাল ৫:৩০ সময়

গণমাধ্যম খাতে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে বিদ্যমান বহু সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবেই সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার জনগণকে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নীতিমালা হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের নীতিগত কাঠামো এখনো অনেকাংশে এনালগ, কিন্তু চ্যালেঞ্জগুলো সম্পূর্ণভাবে ডিজিটাল। এ অবস্থায় প্রচলিত নীতিমালার আধুনিকায়ন জরুরি বলে তিনি মত দেন।
তিনি জানান, সরকার কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং সহায়ক বা ‘ফেসিলিটেটর’ হিসেবে কাজ করতে চায়। গণমাধ্যম খাতের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের পরিকল্পনাও রয়েছে।
এ ক্ষেত্রে গণমাধ্যম সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সুস্থ ও গঠনমূলক ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজেসি প্রতিনিধি দলের পক্ষ থেকে ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন কারিগরি ও নীতিগত সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন, ট্রাস্টি সদস্য রেজোয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।
