প্রকাশকালঃ ২১ মে ২০২৬, দুপুর ৪:১০ সময়


মো: আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাসদস্যরা দ্রুত ব্যারাকে ফিরে যাবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “কিছু সময়ের মধ্যেই আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো।”
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস-এ আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জানান, ইতোমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরে গেছেন। তবে বর্তমানে দেশের ৬২টি জেলায় এখনও ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন
তিনি বলেন, সরকার যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে যাবে। বর্তমানে জ্বালানি ডিপোগুলোতেও সেনাসদস্য মোতায়েন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সেনাপ্রধান দেশের স্থিতিশীলতা রক্ষা ও রাষ্ট্র গঠনে সেনাবাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।”
গত ১৬ মে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।