প্রকাশকালঃ ১০ মে ২০২৬, দুপুর ১১:১৬ সময়

বাংলাদেশ পুলিশের বার্ষিক ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ আজ রোববার থেকে শুরু হচ্ছে। তবে এবারের আয়োজনে ১০৭ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়ার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
শনিবার রাতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনোনীত সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। এ কারণে আপাতত পদক বিতরণ বন্ধ রাখা হয়েছে। যাচাই শেষে সুবিধাজনক সময়ে পদক প্রদান করা হবে।
প্রতি বছর সাহসিকতা, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম দেওয়া হয়। এবার ২০২৫ সালের কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১০৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছিল।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চার দিনের পুলিশ সপ্তাহ চলবে আগামী ১৩ মে পর্যন্ত। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। তবে এবার আনুষ্ঠানিক পদক প্রদান পর্ব রাখা হয়নি।
অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।