প্রকাশকালঃ ২০ আগস্ট ২০২৬, দুপুর ১:৪৫ সময়

চট্টগ্রামের পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা লায়ন এ কে এম সালাহউদ্দিন এমজেএফ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমানের কন্যা এবং শশাংক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পটিয়া উপজেলার সাবেক স্কাউট কমিশনার রোকেয়া আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী, সাবেক সভাপতি মো. ছৈয়দ আকবর চৌধুরী, আবুল হাসেম, অরূপম বড়ুয়া, প্রতাপ কান্তি বড়ুয়া, শিক্ষক আবদুল মান্নান, সুবর্ণা দাশ, শামসুল আলম, নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, সদ্য ঘোষিত ফলাফলে মুকুট নাইট উচ্চ বিদ্যালয় পটিয়া উপজেলায় দশম স্থান অর্জন করেছে। এ অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে একটি সুস্থ ও অবক্ষয়মুক্ত সমাজ এবং দেশ গঠন করা সহজ হবে।
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।