প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৩৩ সময়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশের ভুলভ্রান্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে তিনি নেতিবাচকভাবে না দেখে বরং সংশোধন ও শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন।
সোমবার চট্টগ্রামে তাঁর কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
শওকত আলী বলেন, অনেকেই পুলিশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে নেতিবাচক হিসেবে বিবেচনা করেন। তবে তাঁর দৃষ্টিতে প্রতিটি প্রতিবেদনের মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা থাকে। তিনি বলেন, “সংবাদের ভেতরে আমরা ভুল সংশোধনের সুযোগ পাই, নতুন করে শেখার সুযোগ পাই। এসব থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কাজের মান উন্নয়নের চেষ্টা করি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা প্রতিক্রিয়াকেও গুরুত্ব দেন সিএমপি কমিশনার। তিনি জানান, ফেসবুকে কোনো অভিযোগ বা মন্তব্য নজরে এলে তা সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে যাচাই করানো হয়। তাঁর মতে, জনগণের সরাসরি মতামত জানার ক্ষেত্রে এটি একটি কার্যকর মাধ্যম।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে শওকত আলী বলেন, গণমাধ্যমকর্মীরা মাঠপর্যায়ে কাজ করে এমন অনেক তথ্য তুলে ধরেন, যা প্রশাসনের অজানা থেকে যেতে পারে। এসব তথ্য ইতিবাচকভাবে গ্রহণ করা গেলে তা সমাজের জন্য কল্যাণকর হতে পারে।
গণমাধ্যমকে প্রশাসনের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে নগরবাসীকে আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব।