প্রকাশকালঃ ৯ মে ২০২৬, দুপুর ১০:৫৭ সময়

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
জানা গেছে, ফ্লোরিডা থেকে প্রথমে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মরদেহ দুবাই পাঠানো হয়। পরে সেখান থেকে ট্রানজিট শেষে ঢাকার উদ্দেশে আরেকটি ফ্লাইটে পাঠানো হয়। মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিহত বৃষ্টির আগে একই ঘটনায় প্রাণ হারানো আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পৌঁছায়। দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে গবেষণায় যুক্ত ছিলেন।
গত এপ্রিল মাসে তারা নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে তদন্তে হত্যাকাণ্ডের অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফ্লোরিডার একটি এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী সমাজের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
