প্রকাশকালঃ ২ মে ২০২৬, দুপুর ১২:০১ সময়

তুরস্কে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ২০২৬-এ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের ক্বারী হাফেজ ওসমান গনি। প্রতিযোগিতায় তিনি সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নির্বাচিত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে তার এই সাফল্য ধর্মীয় অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই অর্জন উপলক্ষে শুক্রবার (১ মে) রাজধানীর লালবাগে অবস্থিত মা'হাদুল ক্বিরাত বাংলাদেশে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টিভেজা সকালেও আয়োজনে অংশ নেন আলেম-ওলামা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী ওসমান গনির হিফজের শিক্ষক শায়খ নেছার আহমেদ আন-নাসিরী, তার ক্বিরাতের ওস্তাদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ অন্যরা।
বক্তারা বলেন, কোরআন তেলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ইসলামী শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।