প্রকাশকালঃ ২ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৩৯ সময়

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে গত ২৮ মার্চ বিকেলে শিশুটি নিজ বাড়িতে এ ঘটনার শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত বলে জানা গেছে।
ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় একই দিন রাতে ভুক্তভোগীর পরিবার মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে একটি দল পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া চর শগুনা এলাকায় অভিযান চালায়। সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।