প্রকাশকালঃ ২ এপ্রিল ২০২৬, বিকাল ৫:১৯ সময়

মুহাম্মদ আলী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে জন্মদাত্রী মাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব বৈলছড়ি এলাকার অভ্যারখীল গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাসেম (২৮) এবং তার স্ত্রী নারগিস আক্তার (২৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহার নেতৃত্বে একটি দল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব-১৫-এর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য, পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে গত বছরের ৫ জুন রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ছেলে মোহাম্মদ কাসেম সরাসরি জড়িত এবং তার স্ত্রীও সহযোগিতা করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। দীর্ঘ প্রায় ১০ মাস তদন্ত ও গোয়েন্দা তৎপরতার পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিভাস কুমার সাহা জানান, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
