প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৫৫ সময়

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় রাজধানীজুড়ে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামের এই কার্যক্রমের আওতায় ডিএনসিসি এলাকার ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে।
শনিবার সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরতে শুরু করায় তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। প্রায় এক মাস বন্ধ থাকার পর স্কুল-কলেজগুলো পুনরায় খুলছে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, ডিএনসিসি এলাকায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানোর কাজ আজ থেকেই শুরু হলো।
প্রশাসক স্পষ্ট করে জানান যে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে উত্তর সিটির সবগুলো স্কুলেই এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।