প্রকাশকালঃ ৮ জুন ২০২৬, বিকাল ৫:১০ সময়

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে প্রকল্পের পানির উৎস লাইন ও শোধনাগারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই উৎস হিসেবে মেঘনা নদীর পানি শোধনের মাধ্যমে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগামী এক বছরের মধ্যে পুরো প্রকল্প চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে উঠবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার যুক্ত হয়ে মোট সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার, যা রাজধানীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা ওয়াসা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।