প্রকাশকালঃ ১৫ জুন ২০২৬, দুপুর ৪:১৭ সময়

আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হলেও মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা রাখা হবে।
সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আরও হাসপাতাল রয়েছে, সেখানে তাদের স্থানান্তরের সুযোগ আছে। অমানবিক সেবার অভিযোগের কারণেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অনিয়ম বা অবহেলা করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
হাম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, টিকাদান কার্যক্রমে সরকার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন করেছে। ঈদের আগ থেকেই ব্যাপক প্রচারণা চালিয়ে টিকা দেওয়া হয়েছে এবং ইপিআই কর্মসূচি নিয়মিতভাবে চলমান রয়েছে।
তিনি বলেন, এখনও কিছু মানুষ হামে আক্রান্ত হচ্ছে। তবে গত সপ্তাহজুড়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য রয়েছে। টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক মানবদেহের প্রায় সব অঙ্গের ক্ষতি করে এবং ক্যানসারসহ নানা জটিল রোগের কারণ হয়। তিনি আরও বলেন, তামাকের আসক্তি থেকে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাই এ ধরনের অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।