প্রকাশকালঃ ১ এপ্রিল ২০২৬, দুপুর ১:৫০ সময়

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, ফুজাইরাহতে একটি ড্রোন আসার পর সেটিকে ভূপাতিত করা হয়।
ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। নিহত বাংলাদেশির নাম পরিচয় এখনো জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।
‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে এবং তা গিয়ে পড়ে বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।
সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। কিন্তু এর ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্মীরা আছেন।
এদিকে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ঘটনার সত্যতা যাচাই ও নিহতের পরিচয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও দেখা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।