প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬, বিকাল ৬:০৫ সময়

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এই কুচকাওয়াজে ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত করতে হবে। পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, নতুন এসআইরা কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে—এটাই প্রত্যাশা।
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান ‘বেস্ট ক্যাডেট’, মো. সাইফুল ইসলাম ‘বেস্ট একাডেমিক’, তৌকির আহমেদ ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, আশরাফুল ইসলাম ‘বেস্ট সুইমার’ এবং মো. কামরান শেখ ‘বেস্ট শুটার’ হিসেবে পুরস্কৃত হন।
সমাপনী কুচকাওয়াজে সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আইজিপি সফলভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৫০০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে এখন বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দুই বছরের বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।