প্রকাশকালঃ ২১ মে ২০২৬, দুপুর ১০:৫২ সময়

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিহাব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানার বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান তদন্ত কর্মকর্তারা।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ উঠেছিল। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
রামপুরা থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলাটি রুজু করে।
পুলিশ আরও জানায়, আব্দুল্লাহর মৃত্যুর আগেই শিহাব মাদ্রাসা ছেড়ে নিজ গ্রামের বাড়িতে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ২০ মে নিহত শিক্ষার্থীর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।