প্রকাশকালঃ ৭ জুন ২০২৬, বিকাল ৫:১৫ সময়

ধানমন্ডি লেকে কোনো ধরনের বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণশুনানিতে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে জনগণের সঙ্গে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নাগরিকদের সমস্যা প্রশাসনের নিজস্ব সমস্যা হিসেবে বিবেচনা করলে উন্নয়ন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।
তিনি আরও বলেন, ধানমন্ডি লেককে বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং একটি মনোরম, প্রশান্তিময় ও প্রকৃতিনির্ভর জনপরিসর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। হাঁটাচলা, বিনোদন ও মানসিক প্রশান্তির পরিবেশ নিশ্চিত করতে লেকের স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় তিনি লেকের পানির মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ চলছে বলেও জানান সেতুমন্ত্রী।